চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “একবার ‘গুপ্ত’ বলাতেই যাদের এত প্রতিক্রিয়া, এখন থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তা আরও বেশি করে বলা হবে।”
রাত ১০টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শুরু হওয়া মিছিলটি উপাচার্য চত্বর, সূর্যসেন হল, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, চট্টগ্রামের ঘটনায় পরিকল্পিতভাবে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে কোনো ধরনের হামলার পুনরাবৃত্তি হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ক্যাম্পাসে স্থিতিশীলতা নষ্টের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তিনি আরও দাবি করেন, হলে হলে কোনো অনিয়ম বা গেস্টরুম কালচার থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।
উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালচিত্রে ‘গুপ্ত’ শব্দ লেখা ঘিরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন