রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদি বই, ড্রোন, বিস্ফোরক দ্রব্য ও সামরিক পোশাক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। তাদের মধ্যে ইমরান ও মোস্তাকিম আপন ভাই বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা করে তাদের আদালতে পাঠানো হয়। ডিবির দাবি, গ্রেপ্তাররা রাজধানীতে সংগঠিত হয়ে নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিলেন। প্রাথমিকভাবে তাদের মিয়ানমারভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে। এছাড়া তাদের কার্যক্রমে অন্য আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, এদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের নেটওয়ার্ক ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পুলিশ আরও জানায়, উদ্ধার করা সামরিক সরঞ্জাম ও পোশাকগুলো সংগঠিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন