যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ইহুদি অধ্যুষিত গোল্ডার্স গ্রিন এলাকায় এলোমেলো ছুরিকাঘাতের ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে জনবহুল সড়কে এক ব্যক্তি ছুরি হাতে হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সংস্থা ‘শমরিম’। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারী ইহুদি ধর্মাবলম্বীদের লক্ষ্য করে দৌড়ে আক্রমণের চেষ্টা করে।
পুলিশ জানায়, আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। ঘটনাস্থল থেকে ৪৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ওই ব্যক্তি পুলিশের দিকেও এগিয়ে আসার চেষ্টা করলে তাকে টেজার ব্যবহার করে নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও তাকে আটক করতে সহায়তা করেন।
ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে সন্দেহভাজনের পরিচয়, নাগরিকত্ব এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা মানে পুরো যুক্তরাজ্যের ওপর হামলা।”
স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিদ্বেষমূলক হামলার ঘটনা বেড়েছে। এর আগে একই এলাকায় একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। কাউন্টার টেররিজম পুলিশের সহকারী কমিশনার লরেন্স টেলর জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বিবিসি
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন