ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুর একটি হাসপাতালে দেয়াল ধসে অন্তত সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) শহরের বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় ৮ ফুট উঁচু সীমানা দেয়াল হঠাৎ ধসে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, হতাহতদের মধ্যে এক শিশু ও ফুটপাতের চারজন দোকানি রয়েছেন।
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এক বিবৃতিতে নিহতদের পরিচয় ও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি নিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এটিকে ‘দুঃখজনক’ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এক আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরও উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন