ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিজেদের ১৬ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো নামে পরিবর্তন আনলো বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)। তারা কেবল দক্ষিণ ভারতের এই শহরের নামের সঙ্গে মিল রেখে ছোট একটি পরিবর্তন এনেছে।
ফ্র্যাঞ্চাইজিটির নামের শেষাংশকে ‘বেঙ্গালোর’র বদলে এখন থেকে ‘বেঙ্গালুরু’ ডাকা হবে। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে কোহলিদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই ঘোষণা দেওয়া হয়েছে।
চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আরসিবি আনবক্স অনুষ্ঠানে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি। একই অনুষ্ঠানে উদযাপন করা হয় মেয়েদের সাম্প্রতিক সাফল্যও। দলটির ইতিহাসে প্রথমবারের মতো এবার কোনো সর্বোচ্চ সাফল্য এসেছে। স্মৃতি মান্ধানাদের হাত ধরে আইপিএলে প্রথমবার শিরোপা জিতল আরসিবি, যদিও সেটি নারী আইপিএলে। এর আগে ১৬ বছরের যাত্রায় ফাইনালে জিততে পারেননি কোহলিরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর থেকে কেবল ‘বেঙ্গালোর’ শব্দটা বাদ পড়ল। তবে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স নয়, বেঙ্গালোরের জায়গায় হলো বেঙ্গালুরু। অর্থাৎ অধুনা শহরটির যে নাম সেই নামেই করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির নাম। স্থানীয় ভাষার উচ্চারণ অনুযায়ী ২০১৪ সালে সরকারিভাবে বেঙ্গালোর শহরের নাম পাল্টে হয় বেঙ্গালুরু। কিন্তু কোহলির দলের নাম এতদিন একই ছিল। নাম বদলের পাশাপাশি কোহলিরা এবার ভাগ্যবদল করে ট্রফি জিততে পারেন কি না সেটাই দেখার বিষয়।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন