বুধবার (১২ জুলাই) রাজধানীতে একই দিনে সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। ফলে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। সমাবেশকে সামনে রেখে রাজনৈতিক সংঘাতের শঙ্কা করছেন কেউ কেউ। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’ ঘোষণা করবে দলটি। অন্যদিকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে সময় আলাদা। ২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করতে উভয় দলকেই অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জানা গেছে, বিএনপিকে দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে বলা হয়েছে। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।
এই সমাবেশকে উপলক্ষ্য করে রাজধানীতে বড় ধরনের শো-ডাউন করে নিজেদের শক্তির জানান দিতে চায় বিএনপি। এজন্য গত কয়েকদিন দফায়-দফায় মিটিং করেছেন বিএনপির ঢাকা মহানগরীর নেতারা। সমাবেশে রাজধানীবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে টানা কয়েকদিন পাড়া-মহল্লায় মাইকিংও করা হয়েছে।
আর বিএনপির এক দফা ঘোষণার প্রেক্ষাপটে আজকের শান্তি সমাবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ক্ষমতাসীন দলের নেতারা। সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ, আর বিএনপি নয়। রাজধানীতে বুধবার গণঅধিকার পরিষদ, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম এবং গণতন্ত্র মঞ্চসহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠন সমাবেশ করবে।
বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণ অধিকার পরিষদ। আর বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন