আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অর্থের অপচয় ও অনিয়ম রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেটভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে অস্থায়ী বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা চার দিন বিভিন্ন ব্যাংক অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) অর্থ স্থানান্তর সাময়িকভাবে বন্ধ থাকবে। রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে প্রকাশিত নির্দেশনায় বলা হয়, নির্বাচনের সময় এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় পরিচালিত আইবিএফটি ব্যবস্থায় লেনদেনের অপব্যবহার প্রতিরোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এসব সেবায় সীমা আরোপ করা হয়েছে।
এছাড়া ভোটকে কেন্দ্র করে এমএফএস-সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সব ধরনের আর্থিক লেনদেন ঘনিষ্ঠভাবে নজরদারিতে রাখা হবে এবং কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তা দ্রুত সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে বলা হয়েছে।
একই সঙ্গে নির্ধারিত এই ৯৬ ঘণ্টা সময়ে আইবিএফটির মাধ্যমে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং লেনদেন পুরোপুরি স্থগিত থাকবে। পাশাপাশি এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।