ক্রিকেটে হ্যাটট্রিক বা চার বলে চার উইকেটের ঘটনা মাঝেমধ্যে দেখা যায়। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার নজির আগে কখনও ছিল না। সেই অসম্ভবকেই বাস্তবে পরিণত করে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র্যান্ডেল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে তিনি গুঁড়িয়ে দেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইনআপ। মাত্র দুই ওভারের ব্যবধানে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে গড়েন অনন্য এক কীর্তি।
৩০ বছর বয়সী এই ডানহাতি পেসারের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১৭ সালে। মজার বিষয় হলো, সেই সময় তিনি খেলতেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়েই। কয়েক বছর পর একই দলকে বিধ্বস্ত করেই গড়লেন বিরল এই রেকর্ড। ম্যাচটিতে শুধু পাঁচ বলে পাঁচ উইকেটই নয়, প্রতিপক্ষের প্রথম ইনিংসে টানা সাতটি উইকেটও তুলে নেন র্যান্ডেল। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তার এই দাপুটে স্পেল প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যক্তিগত পরিসংখ্যানকেও আরও সমৃদ্ধ করেছে। ৩৭ ম্যাচে তার উইকেটসংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়েছে।
র্যান্ডেলের এই দুর্দান্ত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তার পারফরম্যান্সে চলতি মৌসুমে তৃতীয় জয় পায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। এর আগে দলটি টানা দুই ম্যাচ ড্র করেছিল। অন্যদিকে নর্দার্ন ডিস্ট্রিক্টস ম্যাচটির আগে টানা তিনটি জয়ের ধারায় ছিল। নিজের অবিশ্বাস্য কীর্তি নিয়ে ম্যাচ শেষে বিস্ময় প্রকাশ করেন র্যান্ডেল। তিনি বলেন, এমন ঘটনা এখনও বিশ্বাস করতে পারছেন না। মুহূর্তটি তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে।
তিনি আরও জানান, হ্যাটট্রিকের পরও তিনি একই জায়গায় বল করার পরিকল্পনা ধরে রাখেন। কারণ উইকেটের আশায় পরিকল্পনা বদলে ফেলা উচিত নয়— এই শিক্ষাই তিনি অনুসরণ করেছেন। ম্যাচ চলাকালীন সময়েই যে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন, সেটিও জানতেন না এই পেসার। পরে বিষয়টি জানতে পেরে তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে প্রথমবার এমন কিছু হয়েছে— এটা জানা সত্যিই দারুণ অনুভূতি।