টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের শিরোপা জিতেছে ভারত। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মাধ্যমে একসঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েছে ভারত।
সর্বোচ্চ শিরোপা জয়-
টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এখন সবচেয়ে বেশি শিরোপা জেতা দল ভারত। ‘মেন ইন ব্লু’ তিনবার এই ট্রফি জিতেছে। প্রথম শিরোপা আসে ২০০৭ সালে। এরপর ২০২৪ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ২০২৬ সালেও শিরোপা ধরে রাখল তারা। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুইবার করে এই ট্রফি জিতেছিল।
টানা দুই আসরে চ্যাম্পিয়ন-
টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো দল পরপর দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল ভারত। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর এবার ঘরের মাঠে আবারও ট্রফি নিজেদের করে নিল তারা।
ঘরের মাঠে শিরোপা-
নিজেদের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দলও এখন ভারত। এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কা নিজেদের মাঠে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি।
পাঁচটি বিশ্বকাপ-
সব ফরম্যাট মিলিয়ে এখন ভারতের বিশ্বকাপ সংখ্যা দাঁড়াল পাঁচে। এর মধ্যে দুটি একদিনের বিশ্বকাপ এবং তিনটি টি–টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। যদিও বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ের রেকর্ড এখনো অস্ট্রেলিয়ার দখলে। তারা মোট সাতটি বিশ্বকাপ জিতেছে।
টানা তিন আইসিসি শিরোপা-
ভারত এখন টানা তিন বছরে তিনটি আইসিসি টুর্নামেন্ট জেতা প্রথম দল। ২০২৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে আবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে দলটি।