টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ার পর কলকাতায় কয়েক দিন ধরে আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

বাণিজ্যিক ফ্লাইটেই দেশে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৩০ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৩০ সময়

টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ার পর কলকাতায় কয়েক দিন ধরে আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ বা সীমিত হওয়ায় আইসিসির চার্টার্ড ফ্লাইট বারবার বিলম্বিত হয়। শেষ পর্যন্ত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে খেলোয়াড় ও কোচিং স্টাফদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে। ইতোমধ্যে দলের কিছু সদস্য দেশে ফিরে গেছেন। বাকিদের মঙ্গলবার (১০ মার্চ) ও বুধবার (১১ মার্চ) ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া হচ্ছে। সিডব্লুআই এক বিবৃতিতে জানায়, আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণকারী পুরুষ ও নারী দলের ভ্রমণ ও আবাসনের ব্যবস্থা সাধারণত আইসিসিই সমন্বয় করে। তবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি একাধিকবার বিলম্বিত হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়।


বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্ট শেষ হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ দলকে প্রায় নয় দিন ভারতে অবস্থান করতে হয়েছে। বৈশ্বিক উত্তেজনা ও বিমান চলাচল সংক্রান্ত বিধিনিষেধের কারণে চার্টার্ড ফ্লাইটের বিষয়ে অনিশ্চয়তা বাড়তে থাকায় খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। এই পরিস্থিতিতে সিডব্লুআই আইসিসিকে জানায়, চার্টার্ড ফ্লাইটের জন্য অপেক্ষা করা আর যুক্তিযুক্ত নয়। এরপর আইসিসির সমন্বয়ে বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে খেলোয়াড়দের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলও একই সমস্যার মুখে পড়ে। ৪ মার্চ টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পরও তারা ভারত ছাড়তে পারেনি। আইসিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বুধবার রাত থেকে ভারত ত্যাগ শুরু করবেন এবং আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সবাই দেশে ফিরবেন।


জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলের মূলত গত শনি ও রোববার ভারত ছাড়ার কথা ছিল। পরে আইসিসি জানায়, মঙ্গলবার রাত আড়াইটায় কলকাতা থেকে একটি চার্টার্ড ফ্লাইট তাদের নিয়ে যাবে, যা জোহানেসবার্গ হয়ে অ্যান্টিগায় পৌঁছানোর কথা ছিল। তবে সেই ফ্লাইটটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে আরেকটি ফ্লাইটের সময় নির্ধারণ করা হলেও সেটিও বাতিল হয়ে যায়, ফলে বিকল্প হিসেবে বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করতে হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯