সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকায় একটি বন্ধ দোকান থেকে পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীরা মরদেহটির সন্ধান পান। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ব্যবসায়ীরা ধারণা করেছিলেন কোনো মৃত ইঁদুরের কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু গন্ধ অসহনীয় হয়ে উঠলে তারা নিজেরাই অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পাশের একটি দোকানের ভেতরে উঁকি দিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। দোকানটি তালাবদ্ধ ছিল না।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরের পর ব্যবসায়ী নাজিম আহমদ (২৫) ও পাভেল আহমদ (২৬) মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫০)। তিনি দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার পুরানগাঁও গ্রামের বাসিন্দা এবং আরফান আলীর ছেলে। তিনি প্রায় ২০ বছর ধরে তরকারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, অন্তত দুই দিন ধরে দোকান এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে খোঁজ নিয়ে মরদেহটি পাওয়া যায়। সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সুলেমান মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নুরুল ইসলামের মৃত্যু দুই দিন আগে হয়েছে। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম জানান, নুরুল ইসলাম দুই কন্যা সন্তানের জনক ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করতেন।