বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা পুনরায় সচল করে কর্মসংস্থান বৃদ্ধি করতে কম সুদের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময় , আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়

বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা পুনরায় সচল করে কর্মসংস্থান বৃদ্ধি করতে কম সুদের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগকে দেশের কর্মসংস্থান বৃদ্ধির বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বন্ধ শিল্পগুলো পুনরায় চালুর মাধ্যমে অর্থনৈতিক গতিশীলতা ফেরানোও উদ্দেশ্য।


এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। কমিটিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন এবং তারা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন। প্রাথমিকভাবে জানা গেছে, শুধু পুনঃঅর্থায়ন তহবিল নয়, বন্ধ কারখানা চালুর জন্য আরও কী ধরনের ব্যাংকিং ও নীতিগত সহায়তা দেওয়া যায় তা নিয়েও প্রস্তাব তৈরি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ঋণ পুনর্গঠন, ডাউনপেমেন্ট শিথিলতা, কম মার্জিনে এলসি সুবিধা এবং দ্রুত ব্যাংকিং সেবা প্রদান।


কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বিশেষ করে সম্প্রতি বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়া ভালো মানের শিল্প কারখানাগুলোকে অগ্রাধিকার দিয়ে সচল করার পরিকল্পনা রয়েছে। তবে যেসব কারখানার বিরুদ্ধে বড় ধরনের জালিয়াতি বা অর্থপাচারের অভিযোগ রয়েছে, সেগুলো এ সুবিধার বাইরে থাকবে। এ বিষয়ে ইতোমধ্যে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গেও আলোচনা করেছে কমিটি। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করা হবে।


বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বিভিন্ন ব্যাংকের অধীনে থাকা বন্ধ কারখানার তালিকা সংগ্রহ করছে। এসব তথ্য বিশ্লেষণ করে সরকারকে একটি বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে, যাতে পুনরায় শিল্প উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর কার্যকর রূপরেখা তৈরি করা যায়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯