নেত্রকোনা এক রাতের মুষলধারে বৃষ্টিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হাওরাঞ্চলের বিস্তীর্ণ বোরো ধান পানিতে তলিয়ে গেছে। বুধবার (২৯ এপ্রিল)

একরাতের বৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে বোরো ধান, হতবাক কেন্দুয়ার কৃষক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময় , আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়

নেত্রকোনা এক রাতের মুষলধারে বৃষ্টিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হাওরাঞ্চলের বিস্তীর্ণ বোরো ধান পানিতে তলিয়ে গেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে জমিতে গিয়ে কৃষকরা এ ভয়াবহ চিত্র দেখে হতবাক হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতভর ভারী বৃষ্টির কারণে উপজেলার মোজাফরপুর, কান্দিউড়া, নওপাড়া, বলাইশিমুল ও চিরাং ইউনিয়নের বিভিন্ন হাওর ও বিল প্লাবিত হয়। এতে শত শত একর পাকা ধান পানির নিচে চলে যায়।


সরেজমিনে দেখা গেছে, মোজাফরপুরের জালিয়ার হাওর, কান্দিউড়ার জালালপুর হাওর, নওপাড়ার পাঁচহার কোনাপাড়া হাওর, বলাইশিমুলের নোয়াদিয়া হাওর এবং চিরাংয়ের খালিয়াল বিলসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। কোথাও ধানের অস্তিত্বই দেখা যাচ্ছে না। ধান কাটার শেষ সময়ে এমন আকস্মিক বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক কৃষকেরা। অনেকেই কোমর পানিতে নেমে ডুবে যাওয়া ধান কাটার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।


জালালপুর হাওরের কৃষক সাদেক মিয়া বলেন, “দুই দিন আগেও ধান কাটার উপযোগী ছিল, কিন্তু এখন সব পানির নিচে। আর কিছুই রক্ষা করা সম্ভব নয়।” নোয়াদিয়া গ্রামের কৃষক মুকুল মিয়া বলেন, “এক রাতের বৃষ্টিতে হাজার হাজার একর ধান ডুবে গেছে। কীভাবে ক্ষতি পুষিয়ে নেব বুঝতে পারছি না।” উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে কেন্দুয়ায় ২০ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হয়েছিল। তবে সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় ৩ হাজার ১০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাথমিকভাবে ৩৭৫ হেক্টর বোরো ধানসহ অন্যান্য ফসল পানিতে ডুবে গেছে।


তবে কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে সরকারি সহায়তা দেওয়া হবে।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯