জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিক ক্রয়চুক্তি স্বাক্ষরিত হবে। সূত্র জানায়, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ধ্যা সাড়ে ৭টায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানের সেবার মান উন্নয়ন এবং যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, চুক্তির আওতায় ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনা হবে। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে শুধু নতুন উড়োজাহাজ ক্রয় নয়, পাশাপাশি আরও কিছু উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। গত ৪ এপ্রিল সরকার এই ক্রয় প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়।
বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ লক্ষ্য সামনে রেখে ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে বহর ৪৭টিতে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে হস্তান্তর করা হবে এবং পর্যায়ক্রমে ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে বাকি উড়োজাহাজগুলো সরবরাহ সম্পন্ন হবে।