সংসদে নারীর পর্দা ও নিকাব বিষয়ে দেওয়া বক্তব্যের একটি অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের

পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ২:৪৮ সময় , আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ২:৪৮ সময়

সংসদে নারীর পর্দা ও নিকাব বিষয়ে দেওয়া বক্তব্যের একটি অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সম্প্রতি সংসদের কার্যপ্রণালীবিধির ৩০২ বিধি অনুযায়ী তিনি এ অভিযোগ দাখিল করেন। একই সঙ্গে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদের অধিবেশনে অংশ না নেওয়ার ঘোষণাও দিয়েছেন কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য।


গত ১৪ জুন ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় নারীর পর্দা ও নিকাব প্রসঙ্গে মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন ডেপুটি স্পিকার। সে সময় তিনি বলেন, ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত বিষয়ে এ ধরনের মন্তব্য সংসদের রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরে বক্তব্যের বিতর্কিত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন এবং মনিরুল হক চৌধুরীকে বক্তব্য শেষ করার সুযোগও দেন।


ঘটনাটি সংসদের বাইরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। বিভিন্ন ধর্মীয় সংগঠন এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি প্রদান করে। অভিযোগ প্রসঙ্গে মনিরুল হক চৌধুরী দাবি করেন, তিনি পর্দা বা নিকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। কারও আনুষ্ঠানিক দাবি ছাড়াই কেন তার বক্তব্যের অংশ বাদ দেওয়া হলো, সেই প্রশ্নের উত্তর জানতে তিনি অভিযোগ করেছেন।


তিনি আরও বলেন, এ ঘটনায় নিজেকে অপমানিত মনে করছেন। চারবারের এই সংসদ সদস্যের দাবি, তিনি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলেন। এদিকে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী বিষয়টির নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯