বাংলাদেশের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণের ‘বেআইনি’ পদক্ষেপের জন্য, নুরুল হক নুরসহ তিন জনের

নুর-সহ তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: রেজা কিবরিয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২ জুলাই ২০২৩, রাত ৮:৭ সময় , আপডেট সময় : ২ জুলাই ২০২৩, রাত ৮:৭ সময়

বাংলাদেশের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণের ‘বেআইনি’ পদক্ষেপের জন্য, নুরুল হক নুরসহ তিন জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ড. রেজা কিবরিয়া।

গুলশানের বাসায় সাংবাদিকদের একথা জানান ড. রেজা। বলেন, “আমার নেতৃত্বেই গণ অধিকার পরিষদ পরিচালিত হবে।” রেজা কিবরিয়া বলেন, “তিনি (নূর) আমাকে অপসারণ করতে এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে আইনত ভোট না নিয়েই সিদ্ধান্ত নিয়েছেন।”

ড. রেজা বলেন, “দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বা সভাপতি-কে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ ভোট (৮১ ভোট) প্রয়োজন; এটা ঘটেনি।” নুর ও তার সহযোগীরা কমিটির কয়েকজন সদস্যের স্বাক্ষর জাল করেছেন বলেও দাবি করেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, “যারা স্বাক্ষর করেননি, সেখানে আপনারা তাদের স্বাক্ষর দেখতে পাবেন। এটি একটি গুরুতর বিষয়। সেজন্য আমরা নুরুল হক, রাশেদ খান ও শাকিল উজ্জামানের বিরুদ্ধে স্বাক্ষর জাল এবং অনিয়মের মাধ্যমে ভোট নেয়ার জন্য মামলা করবো।”

রেজা কিবরিয়া জানান, “আমাকে অপসারণের জন্য ভোটের সময় ৩৬ জন কেন্দ্রীয় কমিটির সদস্য স্বাক্ষর করেছিলেন। আহ্বায়ককে অপসারণ করতে কেন্দ্রীয় কমিটির ৮১টি ভোটের প্রয়োজন থাকলেও, বাকিরা স্বাক্ষর করেননি। তাই তারা আমাকে অপসারণ করতে পারেনি।” সংগঠনের আহ্বায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।

রেজা কিবরিয়া বলেন, “একজন ব্যক্তির জন্য সংগঠন এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আমি মনে করি আমরা সমস্যাটি কাটিয়ে উঠতে পারবো। কারণ, সংগঠন বাঁচানোর জন্য অনেক ভাল লোক রয়েছে।”

এর আগে, শনিবার (১ জুলাই) গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে তার পদ থেকে সরিয়ে যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে নিয়োগ দেয়া হয়। সংগঠনের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্রীয় কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য রেজা কিবরিয়াকে অপসারণের প্রস্তাবে সমর্থন দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।” উল্লেখ্য, রেজা কিবরিয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন না।

 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯