টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্ণ করল বাংলাদেশ। এই উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে বিশেষ উৎসবের।

টেস্টে বাংলাদেশের অগ্রগতি নিয়ে মুখ খুললেন হাবিবুল বাশার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ৩:৩৬ সময় , আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্ণ করল বাংলাদেশ। এই উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে বিশেষ উৎসবের। তবে উৎসবের শেষ দিনে উঠেছে স্বাভাবিক এক প্রশ্ন, এই দীর্ঘ সময়ে বাংলাদেশ আসলে টেস্ট ক্রিকেটে কতটা এগিয়েছে? এই প্রশ্নে মতভেদ থাকলেও, প্রথম টেস্ট ম্যাচ খেলা হাবিবুল বাশার ও মেহরাব হোসেন অপির মতে, বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ, এমনটা বলা একেবারেই সঠিক নয়।

হাবিবুল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুরুতে মেনে নেন দেশের ক্রিকেট প্রয়োজনমাফিক উন্নতি করেনি। তবে এরপরই মনে করিয়ে দেন দলের অর্জনগুলো। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আরও উন্নতি করা উচিত ছিল; কিন্তু তা হয়নি। আবার উন্নতি একেবারে হয়নি, তা-ও নয়। আমরা এখন ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখি। ব্যাটাররা ভালো করছে। বিদেশের মাটিতে জিততে শিখেছি। এগুলো বড় ব্যাপার।’

মেহরাব হোসেনও কথা বললেন একই সুরে। তিনি বললেন, ‘অনেক গর্বের বিষয়। দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল। দারুণ সম্ভাবনা নিয়ে আমরা শুরু করেছিলাম। প্রথম টেস্টেই দারুণ ব্যাটিং-বোলিং।’ 

তিনি আরও যোগ করেন, ‘এখন অনেকে যখন বলেন বাংলাদেশ মোটেই এগোয়নি, আমার খারাপ লাগে। সবশেষ টেস্টেই তো আমরা গলে প্রাধান্য বিস্তার করে ড্র করলাম। অনেক জয়ও আছে। ব্যক্তিগত পারফরম্যান্স হিসাব করলে অনেকের অনেক রেকর্ড রয়েছে। এগুলো অবশ্যই এগিয়ে যাওয়ার উদাহরণ। পরিকল্পনামতো কাজ করতে পারলে এখান থেকে আরও অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশ এগিয়েও যাবে।’

জাভেদ ওমর বেলিমের চোখে, বাংলাদেশ দল এখনও ধারাবাহিক হয়ে উঠতে পারেনি আদৌ। তিনি বলেন, ‘একটা দেশের ক্রিকেটের মানদণ্ড ধরা হয় টেস্ট ম্যাচকে। সেই হিসাবে বাংলাদেশের অবশ্যই আরও উপরে থাকার কথা ছিল। মাঝে মাঝে পাওয়া জয় আমাদের অনুপ্রাণিত করেছে। কিন্তু আমরা ধারাবাহিক হতে পারিনি। আমার চোখে টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিম এবং সেরা অধিনায়ক হাবিবুল বাশার। লক্ষ্য নিয়ে কাজ করলে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে টেস্ট ক্রিকেটেও।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯