ইতিহাস গড়তে আজ মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তারা। আজ জিতলেই ফুরোবে অপেক্ষা, হবে স্বপ্নপূরণ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হবে লিটনরা।
সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। রোববার একই ভেন্যুতে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় স্বাগতিকেরা। এবার সুযোগ সিরিজ জয়ের।
এই ম্যাচে সেই লক্ষ্যেই খেলবে বাংলাদেশ। স্বপ্ন দেখাচ্ছেন ওপেনাররা। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের জুটি জমে উঠেছে বেশ। দু’জনেই পারেন ইনিংসের মোড় ঘুরাতে।
তামিম ও ইমন, দু’জনেই ছক্কা মারায় বেশ পারদর্শী। এই বছরে তাদের ব্যাটে এসেছে ৪৬ ছক্কা! চাপের সময়ে তাদের অনায়াসে মারা বড় শটগুলো দলকে দেয় স্বস্তি। আজও তাদের দিকে তাকিয়ে সমর্থকেরা।
শুধু তামিম-ইমন নয়, অধিনায়ক লিটন দাস ছন্দে আছেন। তাওহীদ হৃদয়ও ব্যর্থতার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়িয়েছেন। জাকের আলি, শামীম পাটোয়ারী ইনিংস ধরতে জানেন। সব মিলিয়ে ভালোই আছে বাংলাদেশ।
পেস বোলিংয়ে গত ম্যাচে মোস্তাফিজ যা করেছেন তা রীতিমতো অবিশ্বাস্যই, তাসকিনও নেন ৩ উইকেট। তানজিম সাকিবও করেন নিয়ন্ত্রিত বোলিং। আর স্পিনে মেহেদী আর রিশাদ মিলেও আছেন ছন্দে।
ফলে আজ একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা নেই অনেকটাই। অপরিবর্তিত সেরা এগারোদের নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।
তবে এদিন চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সন্ধ্যায় হোম অব ক্রিকেটে বৃষ্টি দেখা দিতে পারে।
টাইগারদের সম্ভাব্য একাদশ
লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম সাকিব।