সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করেছে সরকার। জনস্বার্থে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই জেলার বর্তমান ডিসিকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাকে তাঁদের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে এবং পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান। অন্যদিকে, কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন