দেশের ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের তালিকায় নতুন অর্জন যোগ হলো। ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পেয়েছে মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড়। দীর্ঘদিন ধরে অনন্য স্বাদ, সুগন্ধ এবং নিজস্ব উৎপাদন পদ্ধতির জন্য পরিচিত এই গুড় এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সুরক্ষিত পণ্য হিসেবে মর্যাদা লাভ করেছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি জানান, জিআই স্বীকৃতির ফলে হাজারি গুড়ের স্বকীয়তা আন্তর্জাতিক পর্যায়ে সুরক্ষিত হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে রপ্তানি বাজার সম্প্রসারণের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর সম্প্রতি ‘মানিকগঞ্জের হাজারি গুড়’-কে জিআই পণ্য হিসেবে নিবন্ধন সনদ প্রদান করে। নিবন্ধন অনুযায়ী, পণ্যটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের নামে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। গুড় উৎপাদনের সঙ্গে জড়িত স্থানীয়রা বলছেন, এই স্বীকৃতির ফলে নকল পণ্যের বিস্তার কমবে এবং প্রকৃত উৎপাদকরা তাদের পণ্যের যথাযথ মূল্য পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও হাজারি গুড়ের পরিচিতি ও চাহিদা বাড়বে।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চল প্রায় দুই শতাব্দী ধরে খেজুরের রস থেকে বিশেষ কৌশলে এই গুড় উৎপাদনের জন্য পরিচিত। এর স্বাদ ও গুণগত মানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হাজারি গুড়। সংশ্লিষ্টদের মতে, জিআই সনদ পাওয়ার মধ্য দিয়ে শুধু একটি পণ্য নয়, বরং মানিকগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতিও নতুনভাবে বিশ্বদরবারে পরিচিতি লাভ করলো।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন