নামাজ মুসলমানের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামী শরিয়তে নামাজকে “দ্বীনের স্তম্ভ” হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই নামাজের প্রতিটি ধাপ সঠিকভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে সালাম ফেরানোও একটি অপরিহার্য অংশ। নামাজ শুরু হয় তাকবিরে তাহরিমার মাধ্যমে এবং শেষ হয় সালাম ফেরানোর মাধ্যমে। এ কারণে সালাম ফেরানোকে ওয়াজিব হিসেবে গণ্য করা হয়। তবে অনেকেই জানতে চান, সালাম কীভাবে শুরু ও শেষ করতে হবে—কোন অবস্থায় মাথা ঘোরাতে হবে।
ইসলামি বিধান অনুযায়ী, নামাজ শেষে “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” বলে ডান ও বাম দিকে সালাম ফেরাতে হয়। এ সময় সালামের শব্দ উচ্চারণে অতিরিক্ত টেনে বলা বা দীর্ঘ করা উচিত নয়; বরং স্বাভাবিকভাবে সংক্ষিপ্তভাবে বলা সুন্নত। হাদিসে এসেছে, সালামকে সংক্ষিপ্তভাবে উচ্চারণ করা উত্তম। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, সালামকে অতিরিক্ত দীর্ঘ না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাকে ‘হাজফ’ বলা হয়। (জামে তিরমিজি: ২৯৭)
ফিকহবিদদের মতে, সালাম শুরু করার সময় চেহারা কেবলার দিকে থাকবে এবং “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” বলতে বলতে ডান দিকে মুখ ঘুরাতে হবে। একইভাবে দ্বিতীয় সালামের ক্ষেত্রে কেবলার দিকে থেকে শুরু করে বাম দিকে মুখ ঘুরিয়ে সালাম সম্পন্ন করতে হবে, যাতে চেহারা ঘোরানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সালামও শেষ হয়ে যায়। ইমাম নববি (রহ.) বলেন, সালাম শুরু হবে কেবলার দিকে মুখ রেখে এবং শেষ হবে চেহারা ঘোরানোর মাধ্যমে, যাতে সালাম ও মুখ ঘোরানো একই সঙ্গে সমাপ্ত হয়। (আল-মাজমু শরহুল মুহাজ্জাব: ৩/৪৫৮)
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন