সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে চার বছর আগে শুরু হয়েছিল এক অভূতপূর্ব বিতর্কের ঝড়। সেই সময় থেকে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবন একেবারে পাল্টে যায়। মিডিয়া ট্রায়াল, সামাজিক কটাক্ষ, তদন্ত আর জেলজীবন—সব মিলিয়ে তা ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার সময়। তবে সময়ের সাথে সাথে সবকিছু ছাপিয়ে রিয়া আবারও নিজের জায়গা খুঁজে নিচ্ছেন, জীবনের নতুন অধ্যায় শুরু করছেন।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রিয়া অকপটে বলেন, “২০২০ সালের সেই সময়টা আমাদের দুজনের (তিনি ও সুশান্ত) জন্যই ভয়াবহ ছিল। আমরা দু’জনেই আমাদের ক্যারিয়ার হারিয়েছি।” মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর বলিউড থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন রিয়া। কোনো সিনেমা বা টিভি প্রজেক্টে কাজের সুযোগ পাননি দীর্ঘদিন।
তার ভাই শৌভিক চক্রবর্তীর জীবনেও নেমে আসে অনিশ্চয়তা। ক্যাট পরীক্ষায় ভালো ফল করেও এমবিএ করা হয়নি, কারণ প্রথম সেমিস্টারে অনুপস্থিত থাকায় আর কোথাও চাকরি জোটানো মুশকিল হয়ে পড়ে। গোটা পরিবারকে দীর্ঘদিন সামাজিকভাবে একঘরে হয়ে থাকতে হয়েছে।
রিয়া বলেন, “মন থেকে একেবারে ভেঙে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না সামনে কী আছে, আদৌ কিছু আছে কি না।”
তবে হতাশার সেই ধ্বংসাবশেষ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছেন তিনি। নতুন উদ্যোক্তা হিসেবে রিয়া ও তাঁর ভাই মুম্বাইয়ে চালু করেছেন একটি ফ্যাশন ব্র্যান্ড। নিজেদের প্রথম স্টোরের উদ্বোধন করেন সম্প্রতি, যার ছবি রিয়া শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিগুলোতে স্পষ্ট—রিয়া যেন নিজেকেই নতুন করে আবিষ্কার করছেন।
অভিনয়ের মঞ্চেও ধীরে ধীরে ফিরছেন তিনি। একটি রিয়েলিটি শোতে ‘গ্যাং লিডার’ হিসেবে এখন কাজ করছেন রিয়া। যদিও জনমত এখনো সম্পূর্ণভাবে তার পক্ষে নয়, তবু তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন নিজেকে প্রমাণ করার।
রিয়ার এই প্রত্যাবর্তন শুধুই একজন অভিনেত্রীর গল্প নয়। এটি একজন নারীর, যিনি একেবারে নিচু থেকে উঠে এসেছেন সাহস, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের শক্তিতে। মিডিয়া ট্রায়াল আর ডিজিটাল বিদ্বেষ কিভাবে একজন মানুষের জীবন এক মুহূর্তে তছনছ করে দিতে পারে—রিয়ার গল্প তারই উদাহরণ। একইসঙ্গে এটি দেখায়, সব হারিয়ে ফেললেও সাহস থাকলে মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন