বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সচেতনভাবে পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে মাগুরা-1 আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছিল, যেখানে নীতিগতভাবে কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
তিনি আরও জানান, চলতি বছরের ৫ মার্চ জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে, যা হয়রানিমূলক মামলার বিষয়ে সুপারিশ প্রদান করছে। পরবর্তীতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।
আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক, মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত মামলার বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে তা পর্যালোচনা করা হবে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সরকার এ ধরনের মামলার ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন