ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ঘোষিত তালিকায় স্থান হয়নি আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথির। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় কয়েকজন পরিচিত নেত্রী মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি এবং নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে। এর আগে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ফারজানা সিঁথি। তিনি নড়াইল-২ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ফারজানা সিঁথি যশোরের বাসিন্দা। তিনি ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার একটি ঘটনার পর সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন। পাশাপাশি তিনি মডেলিং ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশে কাজ করেছেন এবং একটি মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, অভ্যন্তরীণ মূল্যায়ন ও যোগ্যতা বিবেচনায় নিয়েই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন