পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশভাগ, অবৈধ অনুপ্রবেশ এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে কংগ্রেস, বামপন্থী দল ও তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার হুগলির তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল আরএন রবিও উপস্থিত ছিলেন।
মোদি বলেন, দেশভাগের সময় কংগ্রেস বাংলাকে অবহেলা করেছে। পরবর্তীতে কংগ্রেস, বামপন্থী দল এবং তৃণমূল—সবাই মিলে ‘তোষণের রাজনীতি’ চালিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ওপর বিদেশি প্রভাব চাপিয়ে দেওয়া হয়েছে এবং দশকের পর দশক ধরে রাজনৈতিক দলগুলো অবৈধ অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে।
দেশভাগ প্রসঙ্গে তিনি ১৯৪৬ সালের কলকাতা ও নোয়াখালির সাম্প্রদায়িক সহিংসতার কথাও উল্লেখ করেন এবং বলেন, সেই বেদনার মধ্যেও বাংলা তার নিজস্ব পরিচয় ধরে রেখেছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে মোদি অভিযোগ করেন, পূর্ববর্তী রাজ্য সরকার জমি হস্তান্তরের কাজ আটকে রেখেছিল, তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রক্রিয়া এগিয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দিবসের তারিখ নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। বর্তমান সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে, যা ১৯৪৭ সালে বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হওয়ার দিনকে স্মরণ করে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন